ছবি : বাংলাদেশের খবর
গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পৃথক অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে রাত ১২টা ১ মিনিটে সরকারি কলেজ শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে রাত ১২টা ১৫ মিনিটে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার ও রাত ১২টা ২৫ মিনিটে সাধারণ পাঠাগার চত্বরে ভাষা সৈনিক প্রয়াত দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষে জেলার সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং জেলার সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।
শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে উপজেলা শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, শিবচর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম এবং ফায়ার সার্ভিস, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। পরে সংসদ সদস্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আবু-জাহের, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলিম এবং উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খাগড়াছড়ি : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে রাত থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে। শুক্রবার মধ্যরাত ১২টা ১ মিনিটে প্রথমে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সিভিল সার্জন, জেলা বিএনপি, প্রেসক্লাব ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সদস্যরা শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষ্যে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।
নওগাঁ : যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।পরে শহীদ মিনার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। ভোরে শিক্ষার্থী ও সাধারণ মানুষ খালি পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান গাইতে গাইতে শহীদ মিনারে আসেন।
কুষ্টিয়া : কুষ্টিয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক ইকবাল হোসেন প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)-এর নেতৃত্বে পুলিশের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ফুল দেন। এক মিনিট নীরবতা পালন ও দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক বলেন, ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয়ের গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানতে ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এআরএস

