বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে একদল মার্কিন নাগরিক ও মানবাধিকার সংগঠন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে, নতুন এই নীতি দশকের পর দশক ধরে প্রতিষ্ঠিত মার্কিন অভিবাসন আইনকে খর্ব করছে।
গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, সোমালিয়া, ব্রাজিল, কলম্বিয়া, থাইল্যান্ড ও রাশিয়ার মতো দেশ রয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব দেশ থেকে আসা অভিবাসীরা মার্কিন সরকারি কল্যাণ সুবিধা বেশি গ্রহণ করেন, তাদের নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পররাষ্ট্র দপ্তর থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
‘ন্যাশনাল ইমিগ্রেশন ল’ সেন্টার' ও ‘লিগ্যাল এইড সোসাইটি’সহ একাধিক সংগঠনের দায়ের করা এই মামলায় বলা হয়েছে, জাতীয়তার ভিত্তিতে আইনি অভিবাসনে এমন নিষেধাজ্ঞা পরিবার ও কর্মজীবী মানুষকে তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করছে। মামলার অন্যতম বাদী কলম্বিয়ার একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি ‘আইনস্টাইন ভিসা’র অনুমোদন পাওয়ার পরও নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন না।
সংগঠনগুলোর দাবি, কোনো ব্যক্তি ভবিষ্যতে সরকারি সহায়তা নিতে পারেন— কেবল এই অনুমানের ভিত্তিতে তাকে অযোগ্য ঘোষণা করা আইনসম্মত নয়। ‘ন্যাশনাল ইমিগ্রেশন ল’ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট এফ্রেন অলিভারেস বলেন, “পুরো একটি দেশের প্রতিটি মানুষই ‘পাবলিক চার্জ’ বা সরকারি বোঝা হয়ে উঠবে— এমন ধারণা অবিশ্বাস্য।”
এদিকে ‘কাটো ইনস্টিটিউট’-এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অভিবাসীরা জন্মগত মার্কিন নাগরিকদের তুলনায় গড়ে ২৪ শতাংশ কম কল্যাণ সুবিধা ব্যবহার করেন।
মামলার বাদীরা দাবি জানিয়েছেন, সরকার যেন আইন মেনে চলে এবং বিশ্বের অর্ধেক দেশের মানুষের বিরুদ্ধে জাতীয়তার ভিত্তিতে বৈষম্য না করে প্রতিটি আবেদনের ব্যক্তিগত মূল্যায়ন নিশ্চিত করে।
কেই/এমএইচএস

