Logo

আন্তর্জাতিক

এবারের রমজান ২৯ না ৩০ দিনে শেষ হবে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪

এবারের রমজান ২৯ না ৩০ দিনে শেষ হবে?

ছবি: সংগৃহীত

চলতি বছরের (১৪৪৭ হিজরি) রমজান মাস ২৯ দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এবারের রমজান সম্ভবত বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

ইব্রাহিম আল জারওয়ান জানান, তথ্যভিত্তিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এ বছর রমজানের শুরু ইসলামী বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন হতে পারে। চাঁদ দেখা বা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে কিছু দেশে রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, আবার কিছু দেশে ১৯ ফেব্রুয়ারি।

তিনি বলেন, মাসের শুরুতে এই ভিন্নতা দেখা দিলেও রমজানের শেষ এবং শাওয়াল মাসের শুরুতে অধিকাংশ মুসলিম দেশে সময় প্রায় একসঙ্গেই হবে। ধারণা করা হচ্ছে, শাওয়াল মাস শুরু হবে ২০ মার্চ।

ইব্রাহিম আল জারওয়ানের তথ্য অনুযায়ী, রমজান ১৪৪৭ হিজরির নবম চাঁদ আবুধাবি সময় অনুযায়ী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ০১ মিনিটে জন্ম নেবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। সে সময় চাঁদের বয়স হবে মাত্র দুই ঘণ্টা ১২ মিনিট, ফলে ওই দিন চাঁদ দেখা প্রায় অসম্ভব।

তিনি আরও জানান, বুধবার, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারিকে রমজানের প্রথম দিন হিসেবে নির্ধারণ করা হবে। সে অনুযায়ী, পবিত্র রমজান মাস শেষ হবে বৃহস্পতিবার, ১৯ মার্চ এবং ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে শুক্রবার, ২০ মার্চ।

এদিকে এবারের রমজানে দিনের দৈর্ঘ্য মাসের শুরুতে তুলনামূলক কম থাকলেও শেষের দিকে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। মাসের শুরুতে আবুধাবিতে সাহ্‌রি থেকে ইফতার পর্যন্ত রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। আর মাসের শেষ দিকে দিনের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় রোজার সর্বোচ্চ সময়সীমা দাঁড়াতে পারে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিট।

সূত্র: গালফ নিউজ

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর