পোস্টাল ভোট গণনায় থাকতে পারবেন প্রার্থী ও গণমাধ্যমকর্মীরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৮
ছবি: সংগৃহীত
পোস্টাল ভোট গণনা নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় বলা হয়েছে, অন্যান্য ভোটকেন্দ্রের মতো পোস্টাল ভোট গণনার সময়ও প্রার্থী, তাঁদের নির্বাচনি ও পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকেরা উপস্থিত থাকতে পারবেন।
ইসি জানিয়েছে, স্থান সংকুলানের বিষয়টি রিটার্নিং অফিসার বিবেচনা করবেন। এ ছাড়া প্রার্থী অথবা তাঁর নির্বাচনি কিংবা পোলিং এজেন্টকে আগে থেকেই চিঠির মাধ্যমে গণনার সময়, স্থান ও তারিখ জানাতে হবে এবং উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে হবে।
পোস্টাল ব্যালট গণনা কার্যক্রম
পোস্টাল ব্যালট গণনার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় অথবা অন্য কোনো সুবিধাজনক স্থানে আসনভিত্তিক গণনা কক্ষ প্রস্তুত করতে হবে। ভোটের সংখ্যার ভিত্তিতে উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে। রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী প্রিসাইডিং অফিসার, সহকারী কর্মকর্তা ও পোলিং অফিসাররা ভোট গণনার কেন্দ্রে উপস্থিত থাকবেন। গণনা শুরুর অন্তত এক ঘণ্টা আগে প্রিসাইডিং অফিসার সহকারী কর্মকর্তা ও পোলিং অফিসারদের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং দেবেন।
আসনভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ভোট গণনার সময় তাঁর আসনে প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যা ও বিবরণী উপস্থিত প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের বিস্তারিতভাবে জানাবেন। এরপর পোস্টাল ব্যালট সংরক্ষিত সব ব্যালট বাক্স খোলা হবে।
পোলিং অফিসাররা প্রথমে ফেরত আসা খামগুলো একত্র করবেন এবং পরে একে একে খাম খুলবেন। প্রতিটি খাম খোলার পর পোস্টাল ব্যালট–সংবলিত খাম এবং ঘোষণাপত্র (ফরম–৮) পরীক্ষা করা হবে। প্রথমে ঘোষণাপত্রে সই সঠিকভাবে রয়েছে কি না, তা যাচাই করা হবে।
যথাযথ সইযুক্ত ঘোষণাপত্র পাওয়া গেলে তা আলাদা করে রাখা হবে। সংশ্লিষ্ট ব্যালট–সংবলিত খামটি না খুলে পৃথকভাবে সংরক্ষণ করা হবে। শুধু সঠিক সইযুক্ত ঘোষণাপত্র থাকলেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট গণনার অন্তর্ভুক্ত হবে। এভাবে সব সইযুক্ত ঘোষণাপত্র একত্রে রাখা হবে এবং গণনার জন্য ব্যালট–সংবলিত খামগুলোও এক জায়গায় সংরক্ষণ করা হবে।
এএস/

