বাংলাদেশের জনগণকে চীনের অভিনন্দন, নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঐতিহাসিক বিজয় এবং সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তারা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, ‘একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকেও জানাই আন্তরিক অভিনন্দন।’
চীন আরও জানিয়েছে যে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং দুই দেশের সম্পর্কের একটি নতুন অধ্যায় রচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এর আগে সকালে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে অভিনন্দন জানাই। এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’ মোদি আরও আশ্বস্ত করেছেন যে, ভারত একটি ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক’ বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
এ ছাড়া নির্বাচনে অভাবনীয় সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারা বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা ব্যক্ত করেন।
নির্বাচন পরবর্তী এই আন্তর্জাতিক স্বীকৃতি ও অভিনন্দনের জোয়ার বাংলাদেশের আগামীর রাজনৈতিক ও কূটনৈতিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
এমএইচএস

