শপথ অনুষ্ঠানে ভারত-পাকিস্তানসহ ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে- চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
এদিকে দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শনিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্যদের এবং বিকালে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে দক্ষিণ প্লাজায়।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নতুন সরকারপ্রধান ও মন্ত্রীদের শপথ পাঠ করান, যা এতদিন বঙ্গভবনে অনুষ্ঠিত হয়ে আসছিল। এবার স্থান পরিবর্তনের মাধ্যমে সেই রীতি ভাঙছে।
তবে রাষ্ট্রপতিই শপথ পড়াবেন কি না— এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি সচিব কানিজ মওলা। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাকে আর জিজ্ঞেস করবেন না।’
চব্বিশের গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারও বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছিল।
ডিআর/এমবি

