২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস
আবু সালেহ, ঠাকুরগাঁও
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১০
ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই বহুল প্রত্যাশিত আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ব্যানার-ফেস্টুনে সাজানো হচ্ছে এবং জনসভাস্থল প্রস্তুত করা হচ্ছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) আসবেন তারেক রহমান। জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ পুরোদমে চলছে।
-6985d9c2b5be0.jpg)
২০০৩ সালের ডিসেম্বরে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে সর্বশেষ ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২৩ বছর পর তার এই আগমনকে ঠাকুরগাঁওবাসী কেবল একটি রাজনৈতিক সফর হিসেবে দেখছেন না। বরং দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা থেকে মুক্তির প্রত্যাশার প্রতীক হিসেবে দেখছেন।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর একের পর এক সরকার এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ঠাকুরগাঁও পিছিয়েই রয়েছে। জেলায় কোনো সরকারি বিশ্ববিদ্যালয়, আধুনিক মেডিকেল কলেজ বা বড় শিল্পকারখানা নেই। ফলে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠেনি।
কৃষিনির্ভর এই জেলায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক সংকট ও দূরত্বের কারণে উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ছে। যোগাযোগ ব্যবস্থাও দুর্বল। একমাত্র চিনিকলও লোকসানের মধ্য দিয়ে চলছে। সামগ্রিকভাবে জেলার আর্থসামাজিক উন্নয়ন দীর্ঘদিন স্থবির রয়েছে বলে মনে করেন সচেতন মহল।
-6985da06c407e.jpg)
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, তারেক রহমানের দল বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁওয়ে একটি সরকারি বিশ্ববিদ্যালয়, আধুনিক মেডিকেল কলেজ, বিমানবন্দর চালু, সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন এবং অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
ইবনে সিনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ডা. তাহমিদ আহমেদ বলেন, তারেক রহমান কৃষি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিয়ে যে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন, তা বাস্তবায়িত হলে ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন আসতে পারে।
জেলা ক্রিকেট কোচ মো. রোকুনুজ্জামান রাহাত বলেন, এই জেলায় ভালো খেলোয়াড় থাকলেও পূর্ণাঙ্গ স্টেডিয়াম না থাকায় খেলাধুলার সঠিক বিকাশ হচ্ছে না। বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর প্রত্যাশা করছি।
জেলা বিএনপির সভাপতি মো. মির্জা ফয়সাল আমীন বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভায় মানুষের ঢল নামবে বলে আমরা আশাবাদী। বিএনপি ক্ষমতায় এলে কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রিক উন্নয়নই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।
অবহেলা ও বঞ্চনার দীর্ঘ ইতিহাস পেছনে ফেলে ঠাকুরগাঁওয়ের মানুষ এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। তারেক রহমানের এই সফর সরাসরি রাজনৈতিক কর্মসূচি হলেও সাধারণ মানুষের কাছে এটি উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার বার্তা বয়ে এনেছে।
এআরএস

