পাঁচ বছরে আন্তর্জাতিক মানের ৫০০ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৩
ছবি: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৪ ফেব্রুয়ারি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দলটির লক্ষ্য, আগামী পাঁচ বছরে আন্তর্জাতিক মানের ৫০০ ক্রীড়াবিদ তৈরি করা।
ইশতেহারে জামায়াতে ইসলামী যোগ্যতার ভিত্তিতে প্রতিভাবান খেলোয়াড়দের মাসিক বৃত্তি প্রদান, বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা চালু, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণে সহায়তা এবং একটি স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে।
ইশতেহারে বলা হয়েছে, শুধু সরকারি সহায়তায় খেলাধুলার উন্নয়ন সম্ভব নয়; এর জন্য বেসরকারি পৃষ্ঠপোষকতাও প্রয়োজন। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে ক্রীড়াঙ্গনে স্পনসরশিপ সংগ্রহে উদ্যোগ নেওয়া হবে।
সুস্থ ও সবল তরুণ–যুবসমাজ গড়ে তুলতে মহল্লাভিত্তিক ব্যায়ামাগার, খেলার মাঠ ও সুইমিং পুল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে দলটি। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হবে। অলিম্পিকসহ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অবকাঠামোগত ব্যবস্থাপনা গড়ে তোলার অঙ্গীকারও রয়েছে ইশতেহারে।
খেলাধুলার উন্নয়নে প্রতিভা অন্বেষণের বিকল্প নেই উল্লেখ করে জামায়াতে ইসলামী জানিয়েছে, জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে প্রতি বছর দেশব্যাপী ‘ট্যালেন্ট হান্ট’ কর্মসূচি আয়োজন করা হবে।
ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট থাকার অভিযোগের কথা উল্লেখ করে দলটি জানিয়েছে, তারা সেই সিন্ডিকেট ভেঙে দিতে চায়। ক্রীড়াঙ্গনকে সিন্ডিকেট ও দলীয় প্রভাবমুক্ত করে দক্ষ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনার অঙ্গীকার করেছে জামায়াতে ইসলামী। পাশাপাশি দেশীয় খেলাধুলাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও সংরক্ষণের কথাও বলা হয়েছে। এর মধ্যে হাডুডু, কুস্তি ও নৌকা বাইচকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এএস/

