পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবে না রাশিয়া : পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১৪:৫১
ছবি : সংগৃহীত
৩৩ মাসেরও বেশি সময় ধরে চলা রাশিয়া- ইউক্রেন যুদ্ধ ক্রমশই জটিল রূপ নিচ্ছে। দুই পক্ষের মাঝখানে পা ঢুকিয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বহু পক্ষ। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের মধ্যে ‘বৈশ্বিক’ যুদ্ধের বৈশিষ্ট্যই দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, প্রয়োজনে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতেও পিছপা হবেন না।
পশ্চিমাদের কাছ থেকে পাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে গত মঙ্গল ও বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। পাল্টা জবাবে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন একধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া।
ইউক্রেন দাবি করেছিল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা করেছে রাশিয়া। তবে মস্কো জানিয়েছে, সেটি নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। পুতিন জানিয়েছিলেন, এই ক্ষেপণাস্ত্রও আইসিবিএমের মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।
আগেই রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন পুতিন। তার কথায় পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ানোর পথ বেছে নেওয়ার পর এবার সরাসরি পশ্চিমে হামলার সম্ভাবনা নাকচ না করার কথা জানালেন তিনি।
রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী এই যুদ্ধে কিয়েভকে বিপুল সামরিক সহায়তা দিয়েছে পশ্চিমা মিত্ররা। এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেওয়া ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানার আগেই রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার তিনি বলেন, শত্রুরা যা লক্ষ্য করেছিল, তা অর্জন করতে পারেনি। আর রাশিয়ার ওপর হামলা চালাতে যেসব দেশ তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে, ওই দেশগুলোর সামরিক স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনা করতে পারে মস্কো।
ডিআর/এটিআর

