ছবি : সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া মতাবলম্বীদের ওপর করা দুটি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। পার্বত্য এ জেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় কারফিউ জারি করে মোবাইল পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) পাকিস্তান কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় পুলিশ এসকর্ট নিয়ে ভ্রমণ করা শিয়া মুসলিমদের দুটি পৃথক গাড়িবহরে বন্দুকধারীরা গুলি চালায়।
সেখানে বিগত কয়েক মাস ধরে সুন্নি ও শিয়াদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। এলাকাটি মুসলিম উপজাতি অধ্যুষিত, যা আগে আধা-স্বায়ত্তশাসিত ছিল।
সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জাভেদ উল্লাহ মেহসুদ বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) কুররামে একটি গাড়িবহরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।’
মেহসুদ বলেন, ‘নিহতদের মধ্যে সাত নারী ও তিন শিশু রয়েছে।’
তিনি আরও জানান, ‘আহত ১৬ জনের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।’
প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় কারফিউ জারি করা হয়েছে এবং মোবাইল সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়েছে।’
ডিআর/এসবি

