রমজান উপলক্ষে বিমান ভাড়া ও মহাসড়কে টোল কমাল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১০:২২
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিমান ভাড়াসহ মহাসড়কে টোল কমিয়েছে ইন্দোনেশিয়া। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, ‘ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে আকাশপথের টিকিটের দাম এবং বেশ কিছু প্রধান মহাসড়কে টোল ফি কমানোর নির্দেশ দিয়েছেন।’
মূলত রমজান ও ঈদ আসলে ইন্দোনেশিয়ানরা স্বজনদের কাছে ফিরতে শুরু করেন। এসময় দেশটিতে বিমানভাড়াসহ পরিবহন খরচ বেড়ে যায়। ফলে এবার বিমানভাড়াসহ টোল কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া কমানো হবে। এ ছাড়া কয়েকটি প্রধান মহাসড়কের টোলও কমানো হবে।
তিনি বলেন, ‘মুসলিম সম্প্রদায়কে রোজা রাখতে এবং স্বাচ্ছন্দ্যে ছুটি উদযাপনে সহায়তা করার জন্য সরকারের চেষ্টার কমতি নেই।’
এটিআর/

