রমজান
সবচেয়ে বেশি ও কম সময় রোজা থাকবেন যেসব দেশের মুসলিমরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ২০:০১
পবিত্র রমজান মাস বিশ্বজুড়ে শুরু হয়েছে। পরবর্তী এক মাস মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করবেন। যা তাদের অবস্থান অনুযায়ী ১২ থেকে ১৬ ঘণ্টা স্থায়ী হতে পারে।
মুসলিমরা বিশ্বাস করেন, রমজান মাসেই ১৪শ বছর আগে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর কাছে কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয়।
সিয়াম বা রোজা রাখা মানে হলো- দিনের আলো থাকাকালীন সময়ে খাওয়া, পান করা, ধূমপান ও যৌন সম্পর্ক থেকে বিরত থাকা। যা আল্লাহর প্রতি আরও বেশি তাকওয়া অর্জনের জন্য করা হয়।
প্রতি বছর রমজানের তারিখ কেন পরিবর্তিত হয়?
রমজান প্রতি বছর ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। কারণ ইসলামী বর্ষপঞ্জি চাঁদের হিজরি ক্যালেন্ডার অনুসারে চলে। যেখানে প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়।
যেহেতু চন্দ্র বর্ষ সৌর বর্ষের তুলনায় ১১ দিন ছোট, তাই ২০৩০ সালে রমজান দুইবার পালিত হবে— প্রথমটি ৫ জানুয়ারি ও দ্বিতীয়টি ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে।
বিশ্বজুড়ে রোজার সময়
পৃথিবীর বিভিন্ন স্থানে দিনের দৈর্ঘ্য ভিন্ন হওয়ায় রোজার সময়ও বিভিন্ন হয়। দক্ষিণ গোলার্ধের দেশ যেমন —চিলি বা নিউজিল্যান্ডের মুসলিমরা প্রায় ১৩ ঘণ্টা রোজা রাখবেন, অন্যদিকে আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো উত্তর গোলার্ধের দেশগুলোর মুসলিমদের ১৬ ঘণ্টা বা তারও বেশি সময় রোজা রাখতে হতে পারে।
উত্তর গোলার্ধে বসবাসরত মুসলিমদের জন্য এই বছর রোজার সময় কিছুটা কম হবে এবং এটি ২০৩১ সাল পর্যন্ত ধীরে ধীরে কমতে থাকবে, যখন রমজান শীতের সর্বনিম্ন দিনের সাথে মিলবে। এরপর রোজার সময় আবার বাড়তে থাকবে যতক্ষণ না এটি গ্রীষ্মের দীর্ঘতম দিনের সাথে মিলে যায়। দক্ষিণ গোলার্ধের মুসলিমদের জন্য এর বিপরীত ঘটবে।
এ বছর সবচেয়ে বেশি সময় রোজা রাখবেন গ্রিনল্যান্ডে নুক শহরের মুসলিমরা। তাদের ১৬ ঘণ্টা ৩১ মিনিট রোজা রাখতে হবে। এরপরের স্থানে আইসল্যান্ডের রেইকিয়াভিক শহরের মুসলিমরা। তাদের ১৬ ঘণ্টা ২৯ মিনিট রোজা রাখতে হবে।
আর ফিনল্যান্ডের হেলসিঙ্কি ১৫ ঘণ্টা ৪০ মিনিট, সুইডেনের স্টকহোমে ১৫ ঘণ্টা ৩৬ মিনিট ও স্কটল্যান্ডের গ্লাসগোর মুসলিমরা ১৫ ঘণ্টা ৩৫ মিনিট রোজা রাখবেন।
এছাড়াও বার্লিন, ডাবলিন, মস্কো, লন্ডন, নিউইয়র্ক, প্যারিস ও রোমসহ বেশ কিছু শহরের মুসলিমরা ১৪ ঘণ্টা বা তার বেশি সময় রোজা রাখবেন।
আর ঢাকা, ইসলামাবাদ, কায়রো, রিয়াদ, দোহা, দুবাই, জাকার্তা, কুয়ালালামপুর, মোগাদিশু, ব্রাসিলিয়ার মতো বেশ কিছু শহরের মুসলিমরা ১৩ ঘণ্টা বা তারচেয়ে বেশি সময় রোজা রাখবেন।
- ওএফ

