ট্রাম্পের শুল্ক ঘোষণা
বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১০:৪৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার এই ঘোষণা আসার পরই বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধস নামে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে।
এর ফলে সোমবার শেষ বিকেলে মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। মেক্সিকোর পেসো ও কানাডিয়ান ডলারও মূল্য হারিয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও ফেন্টানিল প্রবাহ ঠেকাতে এই শুল্ক আরোপ করা হয়েছে। ৩০ দিনের সময়সীমা শেষে হওয়ায় মঙ্গলবার (৪ মার্চ) থেকে এই শুল্ক কার্যকর হবে। এছাড়া, চীনের ওপরও নতুন শুল্ক বসানো হচ্ছে। আগে ১০ শতাংশ শুল্ক ছিল, এখন তা বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।
এ বিষয়ে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘তাদের (কানাডা ও মেক্সিকো) শুল্ক দিতেই হবে। যদি তারা তাদের গাড়ির কারখানা যুক্তরাষ্ট্রে বানায়, তাহলে শুল্ক দিতে হবে না।’
তিনি আরও বলেন, ‘আমেরিকার সঙ্গে কেউ বাণিজ্য করতে চাইলে আমাদের নিয়ম মানতে হবে। চীন এখনো অবৈধ মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি, তাই তাদের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে।’
মার্কিন কাস্টমস বিভাগ জানিয়েছে, নতুন শুল্ক মঙ্গলবার ভোর থেকেই কার্যকর হবে। এর ফলে কানাডা ও মেক্সিকোর আমদানি পণ্যে ২৫ শতাংশ কর বসবে। আর কানাডার জ্বালানি পণ্যে ১০ শতাংশ কর বসানো হবে।
মেক্সিকোর অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম মঙ্গলবার সকালে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন। তবে সোমবার তিনি বলেন, ‘মেক্সিকোকে সম্মান দেখাতে হবে।’
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘আমরা প্রস্তুত। আমরাও প্রতিশোধমূলক শুল্ক আরোপ করব।’
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড জানিয়েছেন, ‘আমি প্রতিক্রিয়া জানাতে চাই না, কিন্তু যদি জানাতেই হয়, তাহলে শক্তভাবে জানাব।’ তিনি বলেন, ‘শুল্কের কারণে আমেরিকার মিশিগানের গাড়ির কারখানাগুলো এক সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে।’
চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ‘বেইজিংও পাল্টা ব্যবস্থা নেবে। মার্কিন কৃষি ও খাদ্যপণ্যকে লক্ষ্য করে চীন নতুন শুল্ক বসানোর পরিকল্পনা করছে।’
ট্রাম্পের ঘোষণার পরই শেয়ারবাজারে বড় ধাক্কা লেগেছে। তিনটি প্রধান মার্কিন সূচকের পতন ঘটেছে। এগুলোর মধ্যে- ডাউ জোন্স ৬৫০ পয়েন্ট কমেছে (১.৪৮ শতাংশ), এসএন্ডপি ৫০০ ১.৭৬ শতাংশ ও নাসডাক ২.৬৪ শতাংশ কমেছে।
এশিয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ২.৪৩ শতাংশ এবং হংকং ও সিডনির বাজারেও বড় পতন হয়েছে। ভারতের শেয়ারবাজারও নেতিবাচক প্রবণতায় খুলেছে।
বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, এ শুল্কের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গাড়ি শিল্প। কারণ, উত্তর আমেরিকার তিন দেশ একসঙ্গে গাড়ি উৎপাদনের একটি চেইন তৈরি করেছে। নতুন শুল্কের ফলে গাড়ির দাম বাড়বে ও বিক্রি কমে যাবে।
কর্নেল ইউনিভার্সিটির অর্থনীতিবিদ গুস্তাভো ফ্লোরেস-মাসিয়াস বলেন, ‘এই শুল্কের কারণে গাড়ির দাম বাড়বে, ফলে চাহিদা কমে যাবে। এতে পুরো উত্তর আমেরিকার অর্থনীতিতে বড় ধাক্কা আসবে।’
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত যা জানা গেছে— ডিজিটাল সার্ভিস ট্যাক্স নেওয়া দেশগুলোর বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে আমেরিকা। চীনের তৈরি জাহাজ আমেরিকায় ঢুকলে ১৫ লাখ ডলার ফি বসানো হবে এবং ইউরোপের ভ্যাট নীতির বিরুদ্ধেও প্রতিশোধমূলক শুল্ক বসানোর পরিকল্পনা চলছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই ‘শুল্ক ঝড়’ বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়াতে পারে।
- ওএফ

