Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ, কানাডার ‘বাণিজ্যযুদ্ধ’ শুরু

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:২৩

অ
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ, কানাডার ‘বাণিজ্যযুদ্ধ’ শুরু

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ‘বাণিজ্য উত্তেজনা’ নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে। মঙ্গলবার (৪ মার্চ) থেকে কানাডা যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। 

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিবাদে কানাডা এই পদক্ষেপ গ্রহণ করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

এ সময় ট্রুডো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ শুরু করেছে। কানাডা হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার এবং মিত্র। অথচ তারা আমাদের ওপর শুল্ক আরোপ করেছে।’ 

তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘বাণিজ্য যুদ্ধ’ উল্লেখ করে বলেন, ‘এটি আমেরিকান পরিবারগুলোকেই প্রথম এবং সবচেয়ে বেশি ক্ষতি করবে।’

ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘এটা অত্যন্ত বোকা সিদ্ধান্ত। কানাডার মতো একটি ঘনিষ্ঠ মিত্র দেশকে শুল্ক আরোপের মাধ্যমে আপনি কী বার্তা দিচ্ছেন?’ 

ট্রুডো আরও বলেন, ‘এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প ভ্লাদিমির পুতিনের সাথে সম্পর্ক গড়ার জন্য চেষ্টা করছেন। অথচ কানাডার মতো বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া একেবারে ভুল।’

এদিকে, কানাডার বিভিন্ন প্রদেশে জনসাধারণের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে। কানাডিয়ানরা বলছেন, এই পদক্ষেপে শুধু কানাডা ক্ষতিগ্রস্ত হবে না, বরং যুক্তরাষ্ট্রের নাগরিকরাও এর ফলে প্রভাবিত হবে। তারা বিশ্বাস করছেন, উভয় দেশই এই ‘বাণিজ্যযুদ্ধের’ কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে।

  • এলএন/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন