Logo

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়া

যুদ্ধবিমান থেকে ভুলে নিজ দেশেই বোমা নিক্ষেপ, আহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:২৪

অ
যুদ্ধবিমান থেকে ভুলে নিজ দেশেই বোমা নিক্ষেপ, আহত ৭

দক্ষিণ কোরিয়ায় একটি সামরিক মহড়ার সময় ভুলবশত যুদ্ধবিমান থেকে আটটি বোমা বেসামরিক এলাকায় ফেলা হয়। এতে সাতজন আহত হয়েছে। সাতজনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।  

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৪ মিনিটে উত্তর কোরিয়ার সীমান্তের কাছে অবস্থিত পোচন শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুধু একটি বোমা বিস্ফোরিত হয়েছে। বাকি সাতটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞ দল কাজ করছে।  

সাধারণত সামরিক মহড়ার সময় গুলি বা বোমা কখনো কখনো বেসামরিক এলাকায় পৌঁছায়, তবে এমন দুর্ঘটনায় মানুষ আহত হওয়ার ঘটনা বিরল।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুইজনের ঘাড় ও কাঁধে হাড় ভাঙার মতো গুরুতর আঘাত লেগেছে।  

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের কেএফ-১৬ যুদ্ধবিমান ভুলবশত আটটি এমকে-৮২ বোমা ফেলে দিয়েছে, যা মহড়ার নির্ধারিত সীমার বাইরে গিয়ে পড়েছে।’

বিমান বাহিনী আরও জানায়, তারা ঘটনার তদন্ত করছে এবং ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।  

এই ঘটনায় একটি গির্জার ভবন ও বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।  

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারের এই মহড়াটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণের অংশ ছিল।  

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ১০ থেকে ২০ মার্চ পর্যন্ত যৌথ সামরিক মহড়া চালাবে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর প্রথম যৌথ মহড়া হবে।

  • বিবিসি/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন