Logo

আন্তর্জাতিক

কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের তুমুল বাকযুদ্ধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৪:৫২

অ
কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের তুমুল বাকযুদ্ধ

পাকিস্তানের আজাদ কাশ্মির নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দখলকৃত কাশ্মির অঞ্চল খালি করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।  

বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আজাদ কাশ্মির প্রসঙ্গে বলেন, ‘চুরি যাওয়া কাশ্মিরের অংশ, যা অবৈধভাবে পাকিস্তানের দখলে রয়েছে, ফিরিয়ে আনলেই কাশ্মিসমস্যা সমাধান হবে।’ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরই বিবৃতি দিয়ে প্রত্যাখ্যান করে পাকিস্তান।

বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে এক আলোচনায় জয়শঙ্কর বলেন, ‘চুরি যাওয়া কাশ্মিরের সেই অংশ ফেরত পাওয়ার আমরা অপেক্ষায় আছি, যা পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে। যখন ফেরত পেলে কাশ্মির সমস্যা সমাধান হয়ে যাবে।’  

একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন। ওই সাংবাদিক উল্লেখ করেন, ভারত নিজেই অবৈধভাবে কাশ্মির দখল করে রেখেছে এবং জানতে চান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি কাশ্মির সমস্যা সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাইবেন কি না।  

এর জবাবে জয়শঙ্কর বলেন, ‘আমি মনে করি, আমরা এই সমস্যার বেশিরভাগ অংশ ভালোভাবেই সমাধান করেছি।’ 

তিনি দাবি করেন, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল এবং ২০২৪ সালের অক্টোবরের নির্বাচনের মাধ্যমে কাশ্মির সমস্যার সমাধান করা হয়েছে।  

তিনি আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করাই কাশ্মির সমস্যার সমাধানের পরবর্তী ধাপ।  

ভারতের দাবি প্রত্যাখ্যান করল পাকিস্তান
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ‘আজাদ জম্মু ও কাশ্মির নিয়ে ভিত্তিহীন দাবি তোলার পরিবর্তে ভারতকে উচিত গত ৭৭ বছর ধরে দখল করে রাখা বিশাল জম্মু ও কাশ্মিন অঞ্চল খালি করা।’

তিনি বলেন, ‘আমরা গত ৫ মার্চ লন্ডনের চ্যাথাম হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এই মন্তব্য বাস্তবতাকে বিকৃত করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।’  

শফকত আরও বলেন, ‘জম্মু ও কাশ্মির একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী, কাশ্মিরের চূড়ান্ত সিদ্ধান্ত স্বাধীন ও নিরপেক্ষ গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে, যা জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। ভারতের কৌশলী কথাবার্তা এই বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।’  

কাশ্মিরের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি পাকিস্তান
কাশ্মিরে ২০২৪ সালের নির্বাচন নিয়ে জয়শঙ্করের দাবির জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা স্পষ্ট করতে চাই যে, ভারতীয় সংবিধানের অধীনে কোনো নির্বাচনী প্রক্রিয়া কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদান করতে পারে না।’

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স ও তার মিত্র দল ভারতীয় জাতীয় কংগ্রেস বড় জয় লাভ করে।  

জয়শঙ্করের অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে শফকত বলেন, ‘কাশ্মিরের জনগণের দীর্ঘদিনের ক্ষোভ ও অধিকারবঞ্চনা অস্ত্রের মুখে অর্থনৈতিক কার্যক্রম দিয়ে সমাধান করা সম্ভব নয়।’  

শফকত আলী খান বলেন, ‘ভারতকে অবশ্যই উপলব্ধি করতে হবে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মিরের জনগণের ইচ্ছা অনুযায়ী একটি শান্তিপূর্ণ সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি আসবে না।’

সূত্র : দ্য ডন 

  • ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন