Logo

আন্তর্জাতিক

৪৮ ঘণ্টায় ১২০ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৩

অ
৪৮ ঘণ্টায় ১২০ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত

গত দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন। অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলুও আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ১৭৬ জনে পৌঁছেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।

শনিবার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজা শহরের জেইতুন শহরতলিতে একটি আবাসিক বাড়িতে রাতভর হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া মধ্য ও দক্ষিণ গাজায়ও বহু মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েলি বিমান হামলায় মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-ফারুক মসজিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডি যাচাই করে দেখেছে আল জাজিরা।

ইসরায়েলি বাহিনী স্থল অভিযান আরও জোরদার করেছে এবং উত্তর গাজায় আরও ব্যাপক হারে বোমাবর্ষণ হচ্ছে। সেখানে আংশিকভাবে পরিচালিত হাসপাতালগুলোর মধ্যে সর্বশেষ কার্যক্রম পরিচালনা করছে এমন একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসেম আবু সাফিয়া শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, হাসপাতালের জরুরি বিভাগ, রিসিপশনের প্রবেশদ্বার এবং হাসপাতালের আঙিনা, বৈদ্যুতিক জেনারেটর এবং হাসপাতালের গেটগুলোকে লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

তিনি জানিয়েছেন, বোমা হামলায় ডাক্তার, নার্স এবং প্রশাসনিক কর্মীসহ ১২ জন আহত হয়েছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পরিস্থিতির প্রাথমিক পর্যালোচনার পর কামাল আদওয়ান হাসপাতালের এলাকায় হামলার বিষয়ে তারা অবগত নয় বলে দাবি করেছে।

এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন