সিরিয়ায় আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৭০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:১৮
সিরিয়ার বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এসওএইচআর (সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস) জানিয়েছে, বাশারের পতনের পর গত ডিসেম্বরে লাতাকিয়া প্রদেশের উপকূলীয় শহর জাবলেহ এবং তার আশেপাশের গ্রামগুলোতে সরকারি বাহিনীর বিরুদ্ধে আসাদপন্থি যোদ্ধাদের আক্রমণ বৃদ্ধি পেয়েছে।
এসওএইচআর’র তথ্যমতে, এই সংঘর্ষে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ১৬ সদস্য নিহত হয়েছে এবং আসাদপন্থি ২৮ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। এছাড়াও চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
লাতাকিয়ার নিরাপত্তা কর্মকর্তা মুস্তাফা জানিয়েছেন, আসাদপন্থি মিলিশিয়ারা তাদের অবস্থান ও চেকপয়েন্টে আক্রমণ করেছে। তারা বিশেষভাবে জাবলেহ এলাকায় সরকারের টহল দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। তবে মুস্তাফা হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি। তিনি আরও জানান, মিলিশিয়াদের বিরুদ্ধে তাদের বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হোমস শহরের বিভিন্ন এলাকায় সিরিয়ান বাহিনী আসাদপন্থি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে।
এসওএইচআর’র প্রতিবেদন অনুযায়ী, নিহত সেনাদের বেশিরভাগই ইদলিব অঞ্চলের বাসিন্দা।
এছাড়া, বার্তাসংস্থা সানার খবরে বলা হয়েছে, অভিযানের সময় বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সাবেক এক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএইচএস

