ভারতের শিলিগুড়ির হায়দরপাড়া এলাকার যুবক নবনীত কুমার গুপ্তা দিনের বেলায় সেলুন চালালেও রাতের বেলায় ছিলেন একজন পেশাদার চোর। স্যুট-বুট পরিহিত এই ৩২ বছরের যুবককে দেখে মনে হতো, তিনি কোনো কোম্পানিতে উচ্চপদে কর্মরত। তবে তার আসল পেশা ছিল চুরি।
নবনীতের নেশা ছিল সোনা, রুপা গয়না এবং নগদ টাকা চুরি করা। চুরির পর পুলিশের নজর থেকে বাঁচতে, দামী বাইক ব্যবহার করতেন। চুরি করার পর বাইকটি বিক্রি করে দিতেন এবং নতুন বাইক কিনে আবার শুরু করতেন। সিসিটিভি ফুটেজে তার কোনো ছবি না আসলেও পুলিশ শেষ পর্যন্ত তার নাগাল পায়।
এ বছরের ২৬ ফেব্রুয়ারি শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় একটি চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ থেকে বাইকের ছবির মাধ্যমে অভিযুক্তের সন্ধান পাওয়া যায়। পুলিশ জানতে পারে, অভিযুক্ত হায়দরপাড়ার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে নবনীতকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি জানুয়ারি মাসেও গুরুংবস্তি এলাকায় একটি চুরির ঘটনায় জড়িত ছিলেন। তার কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে। শিলিগুড়ি পুলিশের ডিসিপি, বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, ‘ওঁর এটাই শখ ছিল, একাই চুরি করে বেড়াত, কোনো গ্যাং-এর সঙ্গে সম্পর্ক ছিল না।’
- এমজে

