Logo

আন্তর্জাতিক

ভারতের কীর্তি ফাঁস করেছি : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১১:৩২

অ
ভারতের কীর্তি ফাঁস করেছি : ট্রাম্প

আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই ভারতের ‘বিরুদ্ধে’ শুল্ক নিয়ে সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ভারত আমেরিকান পণ্যে অত্যধিক শুল্ক আরোপ করে। যা ১০০ শতাংশেরও বেশি হতে পারে। এই কারণে ভারতের বাজারে ভালোভাবে বাণিজ্য করা সম্ভব হয় না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। তবে তারপরও শুল্ক নিয়ে ছবিটা বদলায়নি। শুক্রবার (৭ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ট্রাম্প আবারও শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘ভারত আমাদের থেকে বিপুল পরিমাণ কর নেয়। আমরা তো ভারতে কিছু বিক্রিই করতে পারি না। তবে ওরা এখন শুল্ক কমাতে রাজি হয়েছে। কারণ এতদিন ধরে যা করেছে, সেটি এখন ফাঁস হয়ে গেছে।’

ট্রাম্প আরও জানান, শুধু ভারতই নয়, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকো ও কানাডাও মার্কিন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে। ভারতীয় শুল্কের পরিমাণ ১০০ শতাংশের বেশি, কিছু পণ্যে তা ২০০ শতাংশের কাছাকাছি পৌঁছায়। এই নীতিকে ‘অন্যায়’ বলে অভিহিত করে ট্রাম্প বলেছিলেন, তিনি শুল্কের পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন। ২ এপ্রিল থেকে ‘টিট ফর ট্যাট’ নীতি চালু করতে পারেন। যার মাধ্যমে ভারতসহ অন্যান্য দেশগুলোর ওপর পাল্টা শুল্ক চাপানো হতে পারে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ভারত এবং আমেরিকার মধ্যে মোট ১২ হাজার কোটি ডলারের বাণিজ্য হয়েছে। এর মধ্যে আমেরিকা ভারতকে ৪,১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। ২০২৩ সালের তুলনায় বাণিজ্য ঘাটতির পরিমাণ ৪,৫০০ কোটি ডলার। সূত্র : আনন্দবাজার

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন