ব্রাজিলের অ্যালাগোস রাজ্যে বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) রাজ্যটির দুর্গম একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
উনিয়াও দোস পালমারেস শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে অ্যালাগোস রাজ্য সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা জানিয়েছেন, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং সেবা দেবে কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। ভয়াবহ এই দুর্ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন অ্যালাগোস রাজ্যের গভর্নর পাওলো দান্তাস।
দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৪০ জন আরোহী ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
রাজ্য সরকার জানিয়েছে, ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়েছিল বাসটি। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
এমজে

