Logo

আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত পাঁচ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৪

অ
ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত পাঁচ

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা এ আন্দোলনে পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। 

এদিকে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে উত্তাল ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অশান্ত করার যেকোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিক্ষোভ-মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। 

নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এ ঘটনায় চারজন প্যারাট্রুপার ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ প্যারাট্রুপার ও দুই পুলিশ সদস্য। 

পিটিআইয়ের বিক্ষোভ চলাকালে একই ধরনের ঘটনায় এ পর্যন্ত চারজন রেঞ্জার ও দুই পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক পুলিশ। আহত ব্যক্তিদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। 

ইসলামাবাদের ডি চকে জমায়েত করার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা-কর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত। 

তবে সব বাধা উপেক্ষা করে গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে গেছে পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজারজনকে। 

এর আগে ইমরান খানের দল ও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাজধানী ইসলামাবাদের বাইরে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। 

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণার পর কর্তৃপক্ষ দুদিন ধরে রাজধানী ইসলামাবাদে লকডাউন ঘোষণা করেছে। এছাড়া তাদের প্রবেশ ঠেকাতে মহাসড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে। 

প্রদেশের পুলিশের প্রধান উসমান আনওয়ার বলেন, ‘পুলিশের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া অন্তত ১১৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। এমনকি বিক্ষোভকারীরা ২টি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। ইসলামাবাদের বাইরে এবং পাঞ্জাবে এসব ঘটনা ঘটেছে।’ 

তিনি বলেন, ‘আহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর।’

অন্যদিকে ইমরান খানের দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষে তাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।

তারা জানায়, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও তার অন্যতম সহযোগী আলি আমিন গন্দপুর এ বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন। সোমবার রাতে এটি প্রায় ইসলামাবাদের অভ্যন্তরে চলে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গা পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্যরা ইসলামাবাদের সড়কে মোতায়েন রয়েছেন। এছাড়া বিক্ষোভকারীদের ঠেকাতে শিপিং কনটেইনার দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাগুলো অবরোধ করতে শিপিং কনটেইনার ব্যবহার করেছে। 

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের শহরে প্রবেশ ঠেকাতে পূর্বাঞ্চলীয় প্রদেশে শহর ও টার্মিনালের মধ্যে সব গণপরিবহনও বন্ধ করে দেওয়া হয়েছে। 

এ সম্পর্কে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জিও নিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইমরান খানের দলের নেতাদের সঙ্গে আলোচনা চেয়েছে। সরকার এ বিষয়ে আন্তরিক। তবে এটি এখনো কোনো কাজে দেয়নি।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন