Logo

আন্তর্জাতিক

চিন্ময়ের ঘটনায় নজর মোদির, ঢাকার সঙ্গে আলোচনা চায় দিল্লী

Icon

রুদ্র রাসেল

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৭

অ
চিন্ময়ের ঘটনায় নজর মোদির, ঢাকার সঙ্গে আলোচনা চায় দিল্লী

ছবি : সংগৃহীত

সনাতনী মঞ্চের মুখপাত্র বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ইসকন সংগঠনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকার ভারতীয় হাই কমিশন। বিষয়টিতে নজর রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট দূতাবাসের গণযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা বাংলাদেশের খবরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, `ভারতের কেন্দ্রীয় ইসকন নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি অবহিত করে হস্তক্ষেপ চেয়েছেন। এরপর ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিন্ময়ের মুক্তির বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ গ্রহণসহ সার্বিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এ আলোচনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ নয়াদিল্লীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।’

ভারতীয় হাই কমিশনের ওই কর্মকর্তা আরও বলেন, ‘আজ চিন্ময়কে আদালতে তোলা হবে। তার আইনজীবীসহ আইনি লড়াইয়ের ব্যবস্থাপনাও দূতাবাস দেখভাল করছে। এছাড়া বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছে।’

মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে চিন্ময়ের মুক্তি দাবি করে চিঠি দেওয়ার প্রস্তুতি চালানো হচ্ছে এবং আদালতেও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানান ওই কর্মকর্তা।

এদিকে সোমবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় ভারতের কেন্দ্রীয় ইসকনের পক্ষ থেকে চিন্ময়ের মুক্তি চাওয়া হয়। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চিন্ময়ের মুক্তির ব্যবস্থা করতে পদক্ষেপ নিতে বলা হয়।   

বার্তায় বলা হয়, ইসকন বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসবাদে জড়িত নয়। বাংলাদেশ সরকার চিন্ময়কে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। ইসকনরা বিশ্বের কোথাও কোনো অশান্তি বা সন্ত্রাসবাদে জড়িত নয়। তারা কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। 

এর আগে, সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)। 

জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর আসেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গত ৫ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশে নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত ২৫ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করার পর বেশি আলোচনায় আসেন। 

ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। 

চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। 

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন, রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ। ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

আরআর/এসবি
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন