Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে মামলা খারিজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২১

অ
ট্রাম্পের বিরুদ্ধে মামলা খারিজ

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ করেছেন দেশটির একটি আদালত। এর আগে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচারপতি তানিয়া চুটকান মামলাটি খারিজ করে দেন। 

প্রতিবেদনে বলা জানানো হয়েছে, মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ সোমবার মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন। একইসঙ্গে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেটিও খারিজের আবেদন করেন তিনি। 

এই দুটি মামলা নিয়ে মার্কিন আদালতের এতো দিন ট্রাম্পের বিরুদ্ধে লড়েছেন জ্যাক স্মিথ। দুই মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প। 

আদালতে করা আবেদনে স্মিথ জানান, নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী, তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে। 

প্রসঙ্গত, গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয় দফায় বড় জয় পান ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। 

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষের পর বেশ কয়েকটি মামলা করা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। এর মধ্যে সাবেক এক পর্ণতারকাকে ঘুষ দেয়া সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্তও হয়েছেন তিনি। তবে গত ২২ নভেম্বর ওই মামলার রায় স্থগিত ঘোষণা করেছেন নিউইয়র্কের একটি আদালত। 

এদিকে ট্রাম্প দাবি করে আসছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এসব মামলা দেয়া হয়েছে।

সূত্র : বাসস।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন