যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাজ্য
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:৩৩
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মার্চ) ব্রিটিশ নাগরিকদের জন্য হালনাগাদ নির্দেশনায় বলা হয়েছে, ব্রিটিশ পাসপোর্টধারীরা যদি মার্কিন অভিবাসন আইন লঙ্ঘন করেন, তবে তাদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রিটিশ সরকারের নতুন নির্দেশনার আগে যুক্তরাষ্ট্রের সীমান্তে তিনজন জার্মান নাগরিক আটক হন। এরপর জার্মানিও তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একজন ব্রিটিশ নাগরিককে আটক করার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর তাকে আইনি সহায়তা দিচ্ছে। এর আগে, একজন ব্রিটিশ নারীকে যুক্তরাষ্ট্রের সীমান্তে আটক করা হয়েছিল বলে খবর পাওয়া যায়।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের নিয়ম কঠোরভাবে নির্ধারণ ও প্রয়োগ করা হয়। নিয়ম লঙ্ঘন করলে গ্রেপ্তার বা আটক হওয়ার ঝুঁকি রয়েছে।
এদিকে, জার্মানি জানিয়েছে, তাদের তিন নাগরিককে মার্কিন দক্ষিণ সীমান্ত দিয়ে প্রবেশের সময় আটক করা হয় এবং প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপর দেশটি তাদের নির্দেশিকা হালনাগাদ করে জানায়, মার্কিন ভিসা বা ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) থাকলেও প্রবেশের অনুমতি চূড়ান্ত নয়, এটি নির্ধারণ করবে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ।

