Logo

আন্তর্জাতিক

গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:৪৮

অ
গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার। ছবি : সংগৃহীত

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে শুক্রবার (২১ মার্চ) বরখাস্ত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রেক্ষাপটে রোনেন বারের ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, বারকে আর বিশ্বাস করা যায় না।  

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, যার ফলে আইএসএ (শিন বেত) পরিচালক রোনেন বারকে বরখাস্ত করা হয়েছে।’  

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, তার উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা ১০ এপ্রিলের মধ্যে তিনি পদত্যাগ করবেন।  

এর আগে রোববার নেতানিয়াহু বলেন, ‘তার (বারের) ওপর আস্থার অভাব রয়েছে। তাকে আর এই পদে রাখা সম্ভব নয়।’  

রোনেন বার ১৯৯৩ সালে শিন বেতে যোগ দেন। ২০২১ সালের অক্টোবরে পূর্ববর্তী ইসরাইলি সরকার তাকে সংস্থাটির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল। যদিও তার মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা ছিল, তবে নেতানিয়াহুর সরকার এক বছর আগেই তাকে বরখাস্ত করল।  

অক্টোবরে হামাসের হামলার আগ থেকেই বার ও নেতানিয়াহুর মধ্যে টানাপড়েন চলছিল। গাজায় যুদ্ধের সূত্রপাতের পেছনে এই দ্বন্দ্বের ভূমিকা ছিল বলে মনে করা হয়। বিশেষ করে বিচারিক সংস্কারের প্রস্তাব নিয়ে দেশ যখন বিভক্ত হয়ে পড়ে, তখনই শিন বেতের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বারের দূরত্ব বাড়তে থাকে।  

গত ৪ মার্চ হামাসের হামলার ওপর শিন বেতের অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশের পর এই টানাপড়েন আরও তীব্র হয়।  

এরপর, দুই মাসের যুদ্ধবিরতি এবং ‘লক্ষ্যবস্তুবদ্ধ’ স্থল অভিযানের মধ্যেই মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনী গাজায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। এর পরপরই শিন বেত প্রধান রোনেন বারকে বরখাস্ত করা হলো।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন