চিন্ময় দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১২:১৩
ছবি : সংগৃহীত
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ করেছে বিজেপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে পোস্টার হাতে প্রতীকী মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ অর্ধশতাধিক বিজেপি নেতাকর্মী।
এ সময় বিজেপি নেতাকর্মীরা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সোমবার (২৫ নভেম্বর) ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার গ্রেপ্তারের পর দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ হচ্ছে। এ ঘটনার রেশ পড়েছে ভারতেও।
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দেওয়া হলে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও অবরোধ করা হবে।’
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘বুধবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও করবে। জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে একটি চিঠি প্রদান করবে। এটি শুধু একজন সন্ন্যাসীর গ্রেপ্তার নয়, এটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার লড়াই।’
তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচি হিসেবে মশাল র্যালি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর আমরা অত্যন্ত উদ্বিগ্ন। বাংলাদেশে মৌলবাদী সরকার যদি তাকে মুক্তি না দেয়, তবে সনাতনীরা প্রতিবাদে আরও তীব্র আন্দোলন গড়ে তুলবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও করা হবে এবং সনাতনীরা ভারত থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেবে। বাংলাদেশ সরকারকে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে।’
ডিআর/এমএইচএস

