গাজার শহীদদের মাঝে কান্নায় ভেঙে পড়লেন মরক্কোর চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৫:৫৪
গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে হৃদয়বিদারক এক দৃশ্যের অবতারণা হয়েছে। মরক্কোর চিকিৎসক ইউসুফ বো আবদুল্লাহ হাসপাতালের মর্গে শহীদদের মরদেহের মাঝে হতবাক হয়ে হাঁটছিলেন। আবেগ সামলাতে না পেরে তিনি বারবার উচ্চারণ করছিলেন, ‘আল্লাহু আকবর, লিল্লাহিল হামদ।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. ইউসুফ দীর্ঘদিন ধরে গাজার বিভিন্ন হাসপাতালে স্বেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে কাজ করছেন। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহতদের ভয়াবহ অবস্থা দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি।
ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. মোরওয়ান সুলতান জানান, গত রাতে সেখানে ৪৩ জন শহীদের ছিন্নভিন্ন মরদেহ ও ৮২ জন গুরুতর আহত রোগী ভর্তি করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ৫০০ জনের বেশি মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৯০০ জনেরও বেশি।
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে।
-আলজাজিরা মুবাশির অবলম্বনে মুহাম্মদ সরকার

