Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০২:১৮

অ
গাজায় ইসরায়েলি হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ২৫০ জনে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২৪৯ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৪ হাজার ৭৪৬ জন ব্যক্তি আহত হয়েছেন। 

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১৪ জন নিহত এবং আরও ১০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। 

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। 

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির মতে, উত্তর গাজায় সংঘর্ষে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে মঙ্গলবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে। 

সেনাবাহিনীর বিবৃতিতে নিহত ওই সৈনিককে তেমের ওথমান বলে শনাক্ত করা হয়েছে। ২১ বছর বয়সী এই সেনা কেফির ব্রিগেডের নাহশোন ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিল। 

ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত সামরিক পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই সেনার মৃত্যুসহ নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা বেড়ে ৮০৫ জনে পৌঁছেছে। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। 

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। 

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন