Logo

আন্তর্জাতিক

এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলু গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:৫৯

অ
এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলু গ্রেপ্তার

তুরস্কের রাষ্ট্রপতি রেচেপ তাইপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির অভিযোগে তাকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। 

ইমামোলু রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-এর নেতা। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

গ্রেপ্তারের আগে ইমামোগলু এক্স (টুইটার)-এ একটি বার্তায় লিখেছেন, ‘আমি কখনো মাথা নত করব না।’ তিনি অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। তার গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের সূত্রপাত হয়েছে।

ইমামোলুর বিরুদ্ধে ‘অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা, ঘুষ গ্রহণ, চাঁদাবাজি, বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য রেকর্ড এবং টেন্ডার জালিয়াতি’র অভিযোগ আনা হয়েছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, এটি তার বিরুদ্ধে রাজনৈতিক অভিযান।

বুধবার দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে ইমামোলুসহ ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে অন্যান্য রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীরাও রয়েছেন। গ্রেপ্তারের পর তুরস্কজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা টানা পাঁচ রাত ধরে চলেছে। বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সিএইচপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় দেড় কোটি মানুষ ইমামোলুকে সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন। দলটি রোববার (২৩ মার্চ) একটি প্রতীকী নির্বাচনের আয়োজন করে, যেখানে ইমামোলুকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

ইমামোলুকে সিলিভ্রির একটি কারাগারে পাঠানো হয়েছে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, তার গ্রেপ্তার তুরস্কের গণতন্ত্রের জন্য একটি কালো দাগ। তিনি জনগণকে প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এরদোয়ান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ২০২৩ সালের স্থানীয় নির্বাচনে ইস্তাম্বুল ও আঙ্কারায় পরাজিত হয় তার দল। ইমামোলুর নেতৃত্বে সিএইচপি ওই নির্বাচনে জয়লাভ করে। এরদোয়ান ২২ বছর ধরে তুরস্কের ক্ষমতায় রয়েছেন এবং ২০২৮ সালের নির্বাচনে সংবিধান পরিবর্তন না হলে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

গ্রেপ্তারের ঘটনায় তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দলগুলো অভিযোগ করছে, সরকার বিরোধী নেতাদের দমনের জন্য আইনকে ব্যবহার করছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি আইনি প্রক্রিয়া এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। সূত্র : বিবিসি

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন