সাবেক মার্কিন অ্যাটর্নি জেসিকা অ্যাবারের রহস্যজনক মৃত্যু
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:৩৬
সাবেক মার্কিন অ্যাটর্নি এবং ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের আইনজীবী জেসিকা অ্যাবারের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২২ মার্চ) সকালে তার লাশ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৪৩ বছর।
অ্যালেক্সান্দ্রিয়া পুলিশ বিভাগ (এপিডি) জানিয়েছে, অ্যাবারের মৃত্যুর কারণ ও পরিস্থিতি তদন্তাধীন রয়েছে। ভার্জিনিয়ার চিফ মেডিকেল এক্সামিনারের অফিস মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করবে।
এপিডি এক বিবৃতিতে জানায়, শনিবার সকাল ৯টা ১৮ মিনিটে বেভারলি ড্রাইভের ৯০০ ব্লকে একটি অচেতন মহিলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জেসিকা অ্যাবারের মরদেহ পাওয়া যায়।
জেসিকা অ্যাবার ২০০৯ সালে ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টে সহকারী মার্কিন অ্যাটর্নি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেলের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার ক্রিমিনাল ডিভিশনের ডেপুটি চিফ হন।
২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তাকে মার্কিন অ্যাটর্নি হিসেবে মনোনীত করেন এবং সিনেটে সর্বসম্মতিক্রমে তার মনোনয়ন অনুমোদিত হয়। তিনি জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর পদত্যাগ করেন।
অ্যাবারের মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি শোক প্রকাশ করে বিবৃতি দেন। তিনি বলেন, ‘ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের সাবেক মার্কিন অ্যাটর্নি জেসিকা অ্যাবারের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের হৃদয় ও প্রার্থনা রইল।’
ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জেসন মিয়ারেস সামাজিক মাধ্যম এক্স-এ অ্যাবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে লেখেন, ‘জেসিকা অ্যাবারের মৃত্যুর সংবাদ পেয়ে আমি গভীরভাবে শোকাহত। তিনি সারাজীবন জনসেবায় নিয়োজিত ছিলেন, যার মধ্যে মার্কিন অ্যাটর্নি হিসেবে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার যুদ্ধবিরতি ভার্জিনিয়া উদ্যোগ হয়তো আরও অনেক মানুষের জীবন বাঁচিয়েছে, যার পুরো প্রভাব আমরা কখনো সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারব না।’
- কেই/এমজে

