হুসাম সাবাতের ফেসবুক থেকে নেওয়া ছবি
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা মুবাশিরের ফিলিস্তিনি সাংবাদিক হুসাম সাবাতকে হত্যা করেছে ইসরায়েল।
স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) দুপুরে উত্তর গাজার জাবালিয়ায় তার গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালায় দখলদার রাষ্ট্রের সৈন্যরা। এতেই তিনি নিহত হন।
সাবাত নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ‘ফিলিস্তিন আল-ইয়াউম’র সাংবাদিক মোহাম্মদ মানসুরও স্ত্রী ও সন্তানসহ ইসরায়েলি হামলায় নিহত হন। গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে অবস্থিত তার বাসস্থানে হামলা চালিয়ে তাকে শহীদ করা হয়।
মোহাম্মদ মানসুরের নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন হুসাম সাবাত। এর মাত্র এক ঘণ্টারও কম সময় পরই তাকেও লক্ষ্যবস্তু বানায় ইহুদিবাদী রাষ্ট্রটির সৈন্যরা।
সাবাতের মৃত্যুর মধ্য দিয়ে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২০৮ জন সাংবাদিক নিহত হলেন।
সূত্র : আলজাজিরা মুবাশির
ডিআর/বিএইচ

