ভারতের সংসদে দেখানো হবে বিতর্কিত সেই সিনেমা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৩১
ভারতের সংসদ
ভারতের বিতর্কিত বলিউড সিনেমা ‘ছাবা’ এবার দেশটির সংসদে প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৭ মার্চ) সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে দেখানো হবে ঐতিহাসিক প্রেক্ষাপটের এই সিনেমা।
এতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশটির মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্যরা।
ছবিটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন নিয়ে নির্মিত, যিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের যোদ্ধা ও শিবাজির পুত্র। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। সংসদে প্রদর্শনী উপলক্ষে ছবির পরিচালক লক্ষ্মণ উতরেকর ও অন্যান্য অভিনয়শিল্পীরাও উপস্থিত থাকবেন।
তবে ‘ছাবা’ মুক্তির পর থেকেই ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি ও ঐতিহাসিক ব্যাখ্যার পরিবর্তন নিয়ে বিতর্ক তৈরি করেছে। ছবিটিতে মুঘল সম্রাট আওরঙ্গজেবকে এক নিষ্ঠুর শাসক হিসেবে তুলে ধরা হয়েছে, যা নিয়ে সমালোচনা চলছে। এর জের ধরে মহারাষ্ট্রে কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিও তুলেছে।
বিতর্কের মধ্যেও ‘ছাবা’ বক্স অফিসে ভালো করেছে। মুক্তির পর মাত্র কয়েক দিনের মধ্যেই ৫০০ কোটির বেশি আয় করেছে সিনেমাটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছবির প্রশংসা করেছেন এবং ইতোমধ্যে মধ্যপ্রদেশ ও গোয়া রাজ্যে এটি করমুক্ত ঘোষণা করা হয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন
ডিআর/বিএইচ

