বিনামূল্যে ট্রেন সফর করে রেলকে বোকা বানাচ্ছেন তরুণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৪৫
ব্রিটেনে এক তরুণ অভিনব কৌশলে বিনামূল্যে ট্রেনে যাতায়াত করেছেন দীর্ঘদিন। ইংল্যান্ডের বাসিন্দা এড ওয়াইজ রেলের টিকিট মূল্য ফেরত নীতির দুর্বলতা কাজে লাগিয়ে এক টাকাও খরচ না করে ভ্রমণ করেছেন। তিন বছরে এভাবে তিনি ১.০৬ লাখ টাকা সাশ্রয় করেছেন।
ব্রিটিশ রেলের নিয়ম অনুযায়ী, কোনো ট্রেন ১৫ মিনিট দেরি করলে ২৫ শতাংশ, ৩০ মিনিট দেরি করলে ৫০ শতাংশ, আর এক ঘণ্টার বেশি দেরি হলে পুরো টাকাই ফেরত দেওয়া হয়।
এড এই সুযোগ কাজে লাগিয়ে শুধু সেই ট্রেনগুলোর টিকিট কাটতেন, যেগুলো ধর্মঘট, রক্ষণাবেক্ষণ বা আবহাওয়ার কারণে দেরি করত। ফলে, নিয়ম মেনেই রেল তাকে টিকিটের পুরো টাকা ফেরত দিতে বাধ্য হত।
সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পরও রেল কর্তৃপক্ষ এডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, কারণ তিনি রেলের নিয়মের মধ্যেই কৌশলটি প্রয়োগ করেছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ডিআর/বিএইচ

