Logo

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ঈদ সোমবার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৫:০৩

অ
অস্ট্রেলিয়ায় ঈদ সোমবার

আগামী সোমবার (৩১ মার্চ) অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে অস্ট্রোলিয়ান ফতোয়া কাউন্সিল। শনিবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

ফতোয়া কাউন্সিলের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) সূর্যাস্তের পর রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়ালের নতুন চাঁদ জন্ম নেবে। একই দিনে দেশটির পার্থ শহরেও সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে এই চাঁদ দেখা যাবে।

চাঁদের অবস্থান ও দর্শনীয়তা নির্ধারণের বৈজ্ঞানিক ও জ্যোতির্বিজ্ঞানিক হিসাব অনুযায়ী, নতুন চাঁদ যেহেতু সূর্যাস্তের পরে জন্ম নেবে, তাই পরের দিন শাওয়ালের প্রথম দিন হিসেবে গণ্য করা যাবে না। এ কারণে রমজান ৩০ দিনে সম্পন্ন হবে এবং ৩০ মার্চ হবে রমজানের শেষ দিন। ফলস্বরূপ, ৩১ মার্চ (সোমবার) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর পালন হবে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল তাদের বিবৃতিতে জানায়, ‘আমরা ভিন্ন মতামতের ইমাম ও ইসলামি পণ্ডিতদের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল মুসলিমদের প্রতি আহ্বান জানাই, যেন তারা মতপার্থক্য থাকা সত্ত্বেও মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও সাধারণ মূল্যবোধ সংরক্ষণে কাজ করেন।’

এ ছাড়া, অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে গাজা ও ফিলিস্তিনের মুসলিমদের জন্য প্রার্থনা এবং সহায়তার আহ্বান জানান।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন