নিউইয়র্কে হেলিকপ্টার হয়ে বিধ্বস্ত নদীতে, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৮:১৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে পাঁচজনই একই পরিবারের সদস্য। যারা স্পেন থেকে এসেছিলেন। অপরজন ছিলেন হেলিকপ্টারটির পাইলট। দুর্ঘটনার সময় সবাই হেলিকপ্টারে ছিলেন।
‘আমাদের হৃদয় শোকাহত পরিবারের পাশে রয়েছে,’ বলেন মেয়র অ্যাডামস।
নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনই প্রকাশ করা হবে না—পরিবারের সদস্যদের আগে তা জানানো হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে গিয়ে হাডসন নদীতে পড়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছে বাঁক নেওয়ার পরই হেলিকপ্টারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিউ জার্সি উপকূল বরাবর যাওয়ার সময়ই তা নদীতে পড়ে।
‘নিউইয়র্ক হেলিকপ্টার্স’ নামক একটি কোম্পানি এই হেলিকপ্টারটি পরিচালনা করছিল। এটি ম্যানহাটনের দক্ষিণ দিকের ‘ডাউনটাউন স্কাইপোর্ট’ থেকে স্থানীয় সময় দুপুর ২:৫৯-এ উড়েছিল।
নিউইয়র্ক ফায়ার কমিশনার রবার্ট টাকার জানান, স্থানীয় সময় ৩টা ১৭ মিনিটে দুর্ঘটনার প্রথম সংবাদ পাওয়া যায়। এরপরই উদ্ধারকারীরা নেমে পড়েন।
তিনি বলেন, খবর পেয়ে খুব দ্রুতই ডুবুরিরা পানিতে নামে।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা পানিতে তল্লাশি চালিয়ে সম্ভাব্য আহতদের উদ্ধারে তৎপরতা শুরু করেন এবং জীবন রক্ষাকারী তৎপরতা চালান। যদিও শেষ পর্যন্ত কেউ বাঁচানো সম্ভব হয়নি।
চারজন ঘটনাস্থলেই মারা যান, বাকি দু’জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনাস্থল ম্যানহাটনের পশ্চিম পাশে, যেখানে রয়েছে অনেক আধুনিক দোকান ও রেস্তোরাঁ। কাছেই রয়েছে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস।
দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল দুই-ব্লেডবিশিষ্ট বেল ২০৬ মডেলের। সাধারণত এই মডেলটি ভ্রমণ, সংবাদ সম্প্রচার ও পুলিশের কাজে ব্যবহৃত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত করবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তদন্তে সহায়তা করছে কোস্ট গার্ড, যারা তাৎক্ষণিকভাবে উদ্ধার সরঞ্জাম পাঠিয়েছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হেলিকপ্টারের কিছু অংশ আকাশ থেকে খসে পড়তে দেখেছেন।
জার্সি সিটির বাসিন্দা জেন লিন্ক বলেন, আমি জানালার বাইরে তাকিয়ে দেখি কিছু মানুষ নদীর দিকে দৌড়াচ্ছে। কেউ কেউ আবার স্বাভাবিকভাবে হাঁটছে। তখন ভাবলাম কিছুই না বোধহয়। পরে একের পর এক সাইরেন শুনে বুঝলাম কিছু একটা হয়েছে।
আরেকজন বাসিন্দা ইপসিতা বনিকর জানান, হেলিকপ্টার ভেঙে পড়ার শব্দ বজ্রপাতের মতো ছিল। আমি কালচে কিছু উড়তে দেখলাম। ভেবেছিলাম ধুলো কিংবা পাখি। কিন্তু এরপরই চারপাশে জরুরি বাহিনীর গাড়ি আর সাইরেন… তখন বুঝলাম, বড় কিছু হয়েছে।
এই দুর্ঘটনাই প্রথম নয়। ২০১৮ সালে একটি পর্যটকবাহী হেলিকপ্টার ইস্ট রিভারে বিধ্বস্ত হয়ে পাঁচ যাত্রী মারা যান, কেবল পাইলট বেঁচে ছিলেন। ২০০৯ সালে এক হেলিকপ্টারের সঙ্গে ব্যক্তিগত বিমানের সংঘর্ষে নয়জনের মৃত্যু হয় হাডসন নদীর উপরেই।
ওএফ

