Logo

আন্তর্জাতিক

বারাক ওবামার বিবাহবিচ্ছেদের গুঞ্জন, যা বললেন মিশেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৪০

অ
বারাক ওবামার বিবাহবিচ্ছেদের গুঞ্জন, যা বললেন মিশেল

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার দাম্পত্যজীবন নিয়ে ভাঙনের গুঞ্জন উঠে। এবার সেটার জবাব দিলেন মিশেল।

সাবেক এই ফার্স্ট লেডি জানিয়েছেন, তিনি বর্তমানে নিজের সময় নিজের মতো করে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেটিকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে ধরে নিয়েছেন, বারাক ওবামার সঙ্গে তার সম্পর্ক হয়তো ভেঙে যাচ্ছে।

সম্প্রতি অভিনেত্রী সোফিয়া বুশের সঞ্চালনায় ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’ পডকাস্টে কথা বলেন মিশেল। সেখানে তিনি বলেন, আমি একজন প্রাপ্তবয়স্ক নারী, এখন নিজের সময় নিজেই ঠিক করি। অথচ মানুষ ভাবতে পারছে না আমি নিজের সিদ্ধান্তে কিছু করছি—তাদের মনে হচ্ছে আমি আর বারাক বিবাহবিচ্ছেদের পথে।

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান কিংবা সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ায় মিশেলের অনুপস্থিতি ঘিরে নানা গুজব ছড়ায়। যদিও এই অনুষ্ঠানগুলোর কথা তিনি সরাসরি বলেননি। তবে তার বক্তব্যে স্পষ্ট, এসব গুজবের প্রেক্ষিতেই তিনি কথা বলছেন।

তিনি বলেন, মেয়েদের ক্ষেত্রে এটা খুবই সাধারণ—আমরা বারবার অন্যদের সন্তুষ্ট করার চেষ্টা করি। এবার যখন আমি নিজের জন্য কিছু করলাম, তখন মানুষ ধরে নিল আমাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। যেন একজন নারী নিজের সিদ্ধান্ত নিতে পারে না!

মিশেল বলেন, আমি এবার বেছে নিয়েছি যা আমার জন্য সবচেয়ে ভালো। যা আমাকে করতে হতো বলে মনে হয়নি, বা যা অন্যরা চায় বলেই করতে হবে—সেই পথ নয়।

তিনি বলেন, তবে নিজেকে সময় দেওয়া মানে সমাজ থেকে সরে যাওয়া নয়। 

মিশেল জানান, তিনি এখনো বক্তৃতা দেন। বিভিন্ন প্রকল্পে কাজ করেন। আর মেয়েদের শিক্ষা নিয়ে আগের মতোই কাজ চালিয়ে যাচ্ছেন।

গত বছর অক্টোবরে ওবামা দম্পতির ৩২তম বিবাহবার্ষিকী উদযাপিত হয়। এর আগেও তার আত্মজীবনী ‘বিকামিং’-এ মিশেল অকপটে বলেছেন, রাজনীতিতে বারাক ওবামার সক্রিয়তা অনেক সময় তাকে একাকী ও ক্লান্ত করে তুলেছিল।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন