গাজায় নিহত শতাধিক, কায়রোতে হামাসের প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা প্রায় ৪৪ হাজার ৪০০ জনে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে শনিবার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১০০ জনে পৌঁছেছে।
এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত ১২ ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের চার কর্মী নিহত হন।
অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে চলা নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৫ হাজার ১৪২ জন ব্যক্তিও আহত হয়েছেন।
এদিকে গাজা উপত্যকায় সম্ভাব্য অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে শনিবার (৩০ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোয় পৌঁছেছে হামাসের প্রতিনিধিদল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
পরিচয় গোপনের শর্তে এই হামাস কর্মকর্তা বলেন, ‘গাজা উপত্যকায় অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল শনিবার কায়রোতে কয়েকটি বৈঠকে অংশ নেবে’।
তিনদিন আগেই লেবানন এবং ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। এমন আবহে গাজায় অস্ত্রবিরতির আহ্বান আরও জোরদার হচ্ছে। বিশেষ করে ইসরায়েলি সামরিক আক্রমণের প্রেক্ষাপটে।
এদিকে ইসরায়েলের বিরোধী নেতা বেনি গ্যান্টজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বন্দিদের মুক্তির বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অস্থায়ী অস্ত্রবিরতির মাধ্যমে বন্দিদের ফিরিয়ে আনার পরামর্শ দেন।
গ্যান্টজ বলেন, ‘আমাদের গাজা থেকে বন্দিদের ফিরিয়ে আনতে হবে এবং অন্য কোনো বসতি স্থাপনকারীদের সেখানে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমাদের নিরাপত্তা এবং বন্দি মুক্তির ওপরেই লক্ষ্য রাখা উচিত।’
এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজায় অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির জন্য তার জোরালো অবস্থান প্রকাশ করেছেন। সেন্টর লিন্ডসে গ্রাহামের মতে, ট্রাম্প চান ২০ জানুয়ারি তার দায়িত্ব গ্রহণের আগেই এই চুক্তি সম্পন্ন হোক।
গ্রাহাম বলেন, ‘ট্রাম্প ইসরায়েলি বন্দি মুক্তি এবং গাজা যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি চান এখনই এটি কার্যকর হোক।’
এসবি

