খান ইউনুসে ইসরায়েলি হামলা
বোমায় উড়ল একই পরিবারের ১৩ সদস্যের প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০০
ছবি : আল জাজিরা
গাজার খান ইউনুসে আজ (শুক্রবার) সকালে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১৩ সদস্য নিহত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজাজুড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে এ পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন।
তবে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকে থাকা বহু মানুষের খোঁজ না মেলায় মৃতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আল জাজিরার গাজা প্রতিনিধি জানিয়েছেন, খান ইউনুসের দক্ষিণে একটি ত্রাণক্যাম্পে ইসরায়েলের বিমান হামলায় আরও একটি পরিবার নিশ্চিহ্ন হয়েছে। বেসামরিক ও মানবিক অবকাঠামোকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে এসব হামলা চালানো হচ্ছে।
১২টি আন্তর্জাতিক সাহায্য সংস্থা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘গাজা হচ্ছে আমাদের প্রজন্মের অন্যতম বড় মানবিক ব্যর্থতা। চিকিৎসা, খাদ্য, পানি এবং আশ্রয়—সব কিছুরই চরম সংকট চলছে সেখানে।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস পরিচালিত হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন। অপহৃত হন আরও ২০০ জনের বেশি। এরপর থেকেই গাজার ওপর বর্বর হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলমান।
- এটিআর

