ইতালি সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৯
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার ইতালিতে পৌঁছেছেন। এই সফরে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
৪০ বছর বয়সী ভ্যান্স ৩০ এর দশকের মাঝামাঝি সময়ে ক্যাথলিকে ধর্মান্তরিত হন। এই সফরে তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে রোববার ভ্যাটিকানে যীশুর পুনরুত্থান পার্বণ-ইস্টার উদযাপন করবেন।
অতি-ডানপন্থী মেলোনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ব্যাপারে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি পোষণ করেন। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে মেলোনি তাদের সাধারণ ভিত্তি তুলে ধরে বলেন, তিনি ‘পশ্চিমকে আবার মহান করে তুলতে চান’। এ কথাটি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান অনুসারেই প্রণীত।
ওভাল অফিসে মধ্যাহ্নভোজ ও বৈঠকের সময় ট্রাম্প ও মেলোনি উষ্ণ সুরে কথা বলেন। ট্রাম্প ৪৮ বছর বয়সী ইতালি প্রধানমন্ত্রীকে ‘চমৎকার’ বলে অভিহিত করেন।
ইইউর রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তবে তা ৯০ দিনের জন্য স্থগিত রয়েছে। শুল্ক আরোপের পর মেলোনিই প্রথম ইউরোপীয় নেতা, যিনি রিপাবলিকান নেতা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ওএফ

