Logo

আন্তর্জাতিক

মোদি-মাস্কের ফোনালাপ, প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২৩:০৯

অ
মোদি-মাস্কের ফোনালাপ, প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন তিনি প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে ভারতের ‘প্রযুক্তি ও উদ্ভাবন’ খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) দেওয়া এক পোস্টে মোদি জানান, তিনি মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা চলতি বছরের শুরুতে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে আলোচিত বিষয়গুলো আবারও পর্যালোচনা করেছেন।

এই ফোনালাপ এমন সময়ে হলো যখন ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য কাজ করছে। যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্কের প্রভাব কিছুটা লাঘব করা যায়।

এছাড়া, এই ঘটনা যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আসন্ন চারদিনের ভারত সফরের ঠিক আগে ঘটল।

মোদি তার পোস্টে লিখেছেন, ‘প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিপুল সম্ভাবনা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এই খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ও ‍যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) প্রধান মাস্ক তার বিভিন্ন ব্যবসা ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছেন।

চলতি বছরের মার্চে মাস্কের মালিকানাধীন স্টারলিংক ভারতের দুটি প্রধান টেলিকম সংস্থার সঙ্গে একটি চুক্তি করে যাতে ভারতজুড়ে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করা যায়। বর্তমানে তারা সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এছাড়াও ভারতের বাজারে অবশেষে টেসলা প্রবেশ করতে পারে বলে জল্পনা চলছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই দিল্লি ও মুম্বাইয়ে একাধিক পদে কর্মী নিয়োগ শুরু করেছে এবং সেখানে সম্ভাব্য শোরুমের জন্য স্থান খুঁজছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আগামী ২১ এপ্রিল তার ভারত সফর শুরু করবেন। ওই দিনই মোদির সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও ভূরাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

এই সফরে ভ্যান্সের সঙ্গে তার স্ত্রী উষা ভ্যান্স ও সন্তানরাও থাকবেন। উষার বাবা-মা অন্ধ্র প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন।

এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে।

গত ২ এপ্রিল ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৭ শতাংশ শুল্ক আরোপ করেন। তবে পরে তিনি তা ৯০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। এরপর থেকেই দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে দ্রুত বাণিজ্য আলোচনা সম্পন্ন করার চেষ্টা চলছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন