Logo

আন্তর্জাতিক

দামেস্কে ফিলিস্তিন ও সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২৩:১৬

অ
দামেস্কে ফিলিস্তিন ও সিরিয়ার প্রেসিডেন্টের বৈঠক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দামেস্কের পিপলস প্যালেসে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার এই সরকারি সফরের উদ্দেশ্য ছিল ফিলিস্তিন-সিরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। এ সময় দুই নেতা আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, বৈঠকে প্রেসিডেন্ট আব্বাস দুই দেশের মধ্যকার সম্পর্ক এবং জনগণের পারস্পরিক বন্ধন আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্টকে অবহিত করেন।

তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক ও চিকিৎসা সহায়তা দ্রুত প্রবেশের অনুমতি, পুনর্গঠন কাজ শুরু এবং কোনো ধরনের জোরপূর্বক স্থানান্তর ছাড়াই ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান। 

তিনি স্পষ্ট করে বলেন, গাজায় ফিলিস্তিনি রাষ্ট্রকেই পূর্ণ বেসামরিক ও নিরাপত্তা দায়িত্ব পালন করতে হবে। অস্ত্র শুধুমাত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অধীনে থাকতে হবে।

আব্বাস বলেন, গাজায় যুদ্ধবিরতি, মানবিক ও চিকিৎসা সহায়তার প্রবেশ এবং দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার—এই তিনটি আমাদের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, আমরা চাই পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি লঙ্ঘন বন্ধ হোক। পাশাপাশি একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা হোক।

আব্বাস জানান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন আরব ও ইউরোপীয় দেশের সঙ্গে সমন্বয় চলছে যাতে আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে এগোনো যায়। এ বিষয়ে প্রস্তুতির অংশ হিসেবে জুন মাসে নিউইয়র্কে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে অভিনন্দন জানান, যা দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছে। তিনি সিরিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধির কামনা করেন। ফিলিস্তিনি ও সিরিয়ান জনগণের ঐতিহাসিক বন্ধনের প্রতি শ্রদ্ধা জানান।

আব্বাস বলেন, আমাদের জাতিগুলো বহু প্রজন্ম ধরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ফিলিস্তিনি উদ্বাস্তুদের প্রতি সিরিয়ার ঐতিহাসিক সহায়তা ও আতিথেয়তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।

বৈঠকে দুই নেতা একসঙ্গে কাজ করার লক্ষ্যে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের জন্য যৌথ কমিটি গঠনে সম্মত হন। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ধারাবাহিক সমন্বয় ও পরামর্শ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন