১ সপ্তাহের ব্যবধানে পাকিস্তানে ফের ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৬:৩৯
ফের ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। শনিবার (১৯ এপ্রিল) সকালে দেশটির উত্তর সীমান্তের কাছে একটি ভূমিকম্প আঘাত হানে। ফলে ইসলামাবাদ, লাহোর এবং পেশোয়ারসহ বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়। এ ছাড়া আফগানিস্তানেও কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের আশকাশামের ৫৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের মতে- প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। ফলশ্রুতিতে মানুষ বাসাবাড়ি থেকে ভয়ে রাস্তায় নেমে আসেন।
প্রধান শহরগুলো ছাড়াও, রিপোর্টগুলি নিশ্চিত করেছে যে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের লোয়ার দিরের মতো এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসিন্দারা বাইরের দিকে ছুটে আসেন, অনেকে ভয়ে কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করতে শুরু করেন।
সূত্র : জিও নিউজ ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন
ডিআর/বিএইচ

