সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোর অধিকাংশ স্থান করেছে। পাশাপাশি বিমানবন্দর ও এর আশপাশের কয়েকটি শহরও দখল করে নিয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা এসব তথ্য জানিয়েছে।
দামেস্কের মিত্র মস্কো ২০১৬ সালে আলেপ্পোতে প্রথম বিমান হামলা চালানোর পর থেকে সিরিয়া সরকারের বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। এদিকে জিহাদিরা ও তাদের তুর্কি-সমর্থিত মিত্ররা প্রতিবেশী লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথে বুধবার সিরিয়ায় আক্রমণ শুরু করেছে।
তার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ‘সন্ত্রাসীদের’ যত বড় আক্রমণই হোক না কেন- তা প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অনুসারে, সাম্প্রতিক সংঘর্ষে কমপক্ষে ৩২৭ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই যোদ্ধা। তবে নিহতদের মধ্যে ৪৪ জন বেসামরিক নাগরিকও রয়েছে।
ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি আরো জানায়, ‘হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও এর সহযোগী দলগুলো বড় ধরনের প্রতিরোধের মুখোমুখি না হয়েই শহরটির বেশিরভাগ এলাকা, সরকারি কেন্দ্র ও কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।’
সংস্থাটি আরো জানায়, শহর থেকে সরকারী বাহিনী প্রত্যাহার করার পর, তারা আলেপ্পো বিমানবন্দরও দখল করে। কোনো প্রতিরোধ ছাড়াই বেশ কয়েকটি কৌশলগত শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
অবজারভেটরি জানায়, বিদ্রোহীদের অগ্রগতির মুখে আলেপ্পোর প্রায় ১৪০ কিলোমিটার (৯০ মাইল) দক্ষিণে সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা থেকেও সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে।
তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃত একটি সামরিক সূত্র সেনাবাহিনী প্রত্যাহার করার বিষয়টি অস্বীকার করে জোর দিয়ে বলেছে, সেনা ইউনিটগুলো এখনো বিদ্রোহীদের আগ্রাসনের মুখে তাদের অবস্থান ধরে রেখেছে।
আলেপ্পোর কেন্দ্রস্থলে একজন এএফপি ফটোগ্রাফার শহরের ল্যান্ডমার্ক দুর্গের বাইরে বিদ্রোহী যোদ্ধাদের দেখেছেন। সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, বিদ্রোহীরা প্রায় দুই মিলিয়ন লোকের শহরের ‘বড় একটি অংশে’ প্রবেশ করেছে।
সেনাবাহিনী বলেছে, বিদ্রোহীদের হামলায় ‘আমাদের সশস্ত্র বাহিনীর কয়েক ডজন লোক নিহত ও অন্যরা আহত হয়েছে।’
এইচটিএস হলো আল-কায়েদার সাবেক সিরিয়া শাখার নেতৃত্বে একটি জিহাদি জোট- যা তাদের মিত্রদের সাথে দীর্ঘদিন ধরে উত্তর-পশ্চিমের ইদলিব অঞ্চলে একটি বিদ্রোহী ছিটমহল নিয়ন্ত্রণ করেছে।
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেছেন, ‘এই মুহূর্তে সিরিয়ার সরকারকে তার প্রধান মিত্র ইরান ও রাশিয়া পরিত্যাগ করেছে বলে মনে হচ্ছে। তবে মস্কো এখন পর্যন্ত প্রতীকী হামলা চালিয়ে যাচ্ছে।’
অবজারভেটরি জানায়, রাশিয়া রাতে আলেপ্পোর কিছু অংশে বিমান হামলা চালায়।
পরে শনিবার নতুন করে হামলায় ‘কমপক্ষে ১৬ বেসামরিক লোক নিহত ও আরও ২০ জন আহত’ হয়েছে।
ওএফ

