মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বি-৫২ বোমারু বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৩:০৫
ছবি : সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের মিনোট বিমান ঘাঁটি থেকে বি-৫২ বোমারু বিমানগুলো মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
রোববার (৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক ঘোষণায় জানান, মিনোট বিমান ঘাঁটির পঞ্চম বোমা উইং থেকে বি-৫২ বোমারু বিমান সেন্টকমের ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে।

মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপগুলোর মাধ্যমে অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।
এর আগে, শুক্রবার পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, ইরান তার মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনো দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
রাইডার আরও বলেন, আগামী মাসগুলোয় মধ্যপ্রাচ্যে নতুন বাহিনী পৌঁছানো শুরু করবে।
গত ২৬ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে এপ্রিল ও অক্টোবরে ইরান দুই দফায় ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়।
পরিস্থিতি বিবেচনায় পর্যবেক্ষকেরা সতর্ক করে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
এসবি

