‘ফেনজলের’ বৃষ্টিতে ধস, তিন বাড়ি চাপা পড়ে নিখোঁজ ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫
ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ‘ফেনজলের’ প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বিপর্যস্ত হয়েছে রাজ্যটির একাংশ। একনাগাড়ে বৃষ্টির ফলে তিরুবন্নামলইতে ধস নেমে ভেঙে গেছে পর পর তিনটি বাড়ি। এ ঘটনায় একই পরিবারের সাতজন নিখোঁজ রয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ধসের ঘটনায় ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে অনেকের। একই পরিবারের সাত জনকে পাওয়া যাচ্ছে না। তামিলনাড়ু প্রশাসন রোববার রাতে উদ্ধারকাজ শুরু করেছে।
শনিবার রাতে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’। রাতভর চলেছে ঝড় এবং বৃষ্টির তাণ্ডব। রোববার সকালেই ‘ফেনজল’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এখনো তার প্রভাব রয়েছে।
ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে তামিলনাড়ুর উপকূল এলাকা এবং পুদুচেরির বিস্তীর্ণ অংশে। তার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও কোথাও। রোববার সন্ধ্যায় তিরুবন্নামলইতে আচমকা ধস নামে। কাদামাটিতে ধসের ফলে বসে যায় রাস্তার একাংশ।
হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই রাস্তার উপর থাকা তিনটি বাড়ি। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে রাতেই। হাইড্রলিক লিফ্ট, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে ধ্বংসস্তূপে।
নিম্নচাপ কাটছে, রাজ্যে এবার শীতের ‘ইনিংস’ শুরুর ইঙ্গিত দিল আবহাওয়া অফিস, কবে থেকে পারদপতন? ঘূর্ণিঝড় ‘ফেনজলের’ প্রভাবে উপকূল এলাকায় রবিবার সকাল পর্যন্ত আবহাওয়ার বেগ ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্তও উঠেছিল ঝোড়ো হাওয়ার বেগ। তার পর থেকে হাওয়ার দাপট কমলেও বৃষ্টি ক্রমশ বেড়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটক, কেরলের একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইতে শনিবার তিনজনের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় ওই তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিরুবন্নামলইতে ধসে এখনও হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। বৃষ্টির মধ্যে উদ্ধারকাজে বাধা পাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যেরা।
ক্রমাগত বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুর ভিল্লুপুরম এলাকা। সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে পুদুচেরিতেও। বন্যাকবলিত এলাকায় অনেকে আটকে আছেন বলে খবর। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনাও।
এমজে

