ছবি : সংগৃহীত
কাশ্মীর উপত্যকায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষে রক্তাক্ত হল এলাকা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার দুদু-বসন্তগড় এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় সেনা সদস্য।
সেনা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উধমপুরে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ। এসময় জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক ভারতীয় সেনা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, মঙ্গলবার জম্মুর পহেলগাঁও এলাকায় পর্যটকদের বহনকারী একটি বাসে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। ওই হামলার পর থেকেই গোটা কাশ্মীরজুড়ে চলছে চিরুনি অভিযান। নিরাপত্তা বাহিনী একাধিক স্থানে জঙ্গি দমনে অভিযান চালাচ্ছে।
হামলার পরই নয়াদিল্লি কড়া বার্তা দেয় ইসলামাবাদকে। সিন্ধু জলচুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

