সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে : মোদী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৪:১৫
ফাইল ছবি
সন্ত্রাসবাদীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারের মধুবনীতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা জানান।
মোদী বলেন, ‘কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত সবাই শোকে রয়েছেন। সবার মধ্যে আক্রোশ রয়েছে। দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করেছে। যে এ হামলা করেছে, সেই সন্ত্রাসবাদীরা কল্পনার থেকেও বেশি শাস্তি পাবে।’
তিনি আরও বলেন, ‘কেউ নিজের ছেলে, কেউ নিজের ভাইকে, কেউ স্বামীকে হারিয়েছেন। ওঁর মধ্যে কেউ বাংলা, কেউ কন্নড়, কেউ মারাঠি ছিলেন, গুজরাটি ছিলেন। সন্ত্রাসবাদীরা আমাদের দেশের আত্মাকে আক্রমণ করেছে। সন্ত্রাসের সামনে ভারত মাথা নত করবে না।’
কাশ্মীরের পহেলগামের সন্ত্রাসী হামলার পর এ প্রথম কোনো প্রকাশ্য জনসভায় যোগ দিয়েছেন তিনি। সভার শুরুতেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেখান থেকে হামলার ঘটনা নিয়ে দেশবাসীর উদ্দেশে কিছু বলতে পারেন নরেন্দ্র মোদী।
এদিকে, পহেলগামে হামলার ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। এর মাঝেই কাশ্মীরি শিক্ষার্থীদের হয়রানি ও হুমকির অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। যেসব রাজ্য থেকে এ অভিযোগ এসেছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এরকম ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুরোধ জানিয়েছেন ওমর। সূত্র : এই সময়
এমজে

