গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১২ জনসহ নিহত ৬০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৪২
ছবি : আল জাজিরা
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। একের পর এক বিমান হামলায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপত্যকাটিজুড়ে নিহত হয়েছেন অন্তত ৬০ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একই পরিবারের ১২ জন রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ ২০২৫-এ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৯৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ২০৭ জন।
গাজা সরকারের মিডিয়া অফিস বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৮ মাসে ইসরায়েলি অভিযানে ৬১ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মতে, এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন, যাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই।
এদিকে, ইসরায়েলি বাহিনীর চালানো সর্বশেষ বিমান হামলায় গাজা সিটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতভর বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো শহর। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুসহ বহু মরদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো এক আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং আরও দুই শতাধিক মানুষকে আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরই জবাবে ইসরায়েল দীর্ঘমেয়াদী বর্বর হামলা অব্যাহত রেখেছে।
সূত্র : আল জাজিরা
- এটিআর

