৪৮ ঘণ্টার মধ্যে ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০৪
কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত। এ ঘটনায় পাকিস্তান একের পর এক পাল্টা পদক্ষেপ নিচ্ছে। ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতীয় নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদ এক বিবৃতিতে জানায়, ভারতীয়দের ভিসা স্থগিত, হাইকমিশনের স্টাফ সংখ্যা হ্রাস, বিমান চলাচল নিষেধাজ্ঞা ও বাণিজ্য বন্ধসহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
- যা যা করেছে পাকিস্তান
ভারতীয়দের (শিখ তীর্থযাত্রী ব্যতীত) ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ
৩০ এপ্রিলের পর থেকে ওয়াঘা সীমান্ত বন্ধ ঘোষণা
পাকিস্তানের আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য নিষিদ্ধ
সার্ক ভিসা প্রোগ্রাম স্থগিত
ভারতীয় হাইকমিশনে কর্মী সংখ্যা ৩০-এ নামিয়ে আনা
দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ
ভারতের দাবি, মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর চালানো ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এদিকে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)’ নামের একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সহায়ক গোষ্ঠী বলে ধারণা করছে ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, হামলাকারীরা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। এই ঘটনার পর ভারত ইন্দাস পানি চুক্তি থেকে বেরিয়ে এসেছে এবং পাকিস্তান সীমান্ত সিল করে দিয়েছে।
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, আমরা কাশ্মীরের প্রাণহানিতে দুঃখিত। কিন্তু ভারতের সিদ্ধান্ত একতরফা ও ভিত্তিহীন। তদন্ত ছাড়াই পাকিস্তানকে জড়ানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও বলেন, ভারতের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি। আমাদের কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নেই।
সূত্র : আল জাজিরা

